মুনকাতি' হাদীস সম্পর্কে জানুন
মুনকাতি (مُنْقَطِعُ) এর আভিধানিক অর্থ: কর্তিত ও বস্তু থেকে বিচ্ছিন্ন অংশ,
যেমন বলা হয়: العضو المنقطع عن الجسد ‘শরীর থেকে বিচ্ছিন্ন অঙ্গ’। ইনকিতা‘র কারণে সনদের দু’প্রান্তে ছেদ ঘটে, এক অংশ থেকে অপর অংশ বিচ্ছিন্ন হয়, তাই ইনকিতা‘ বিশিষ্ট সনদকে মুনকাতি‘ বলা হয়।
সনদে (Chain) ইনকিতা' বলা হয় কোনো রাবী বাদ পরে যাওয়াকে। যে হাদিসের সনদে ইনকিতা (বিচ্ছিন্নতা) রয়েছে তাকে বলা মুনকাতি' হাদীস।
সনদে বিভিন্ন প্রকার ছেদ বা ইনকেতা ঘটে, তবে বিশেষ প্রকার ছেদকে পরিভাষায় ইনকিতা‘ বলা হয়, অন্যান্য ইনকিতার বিভিন্ন নাম রয়েছে। একটি হাদিসকে সামনে রেখে আমরা বিভিন্ন প্রকার ‘ইনকিতা’র অনুশীলন করি:
قال الإمام البخاري- رحمه الله- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، خَتَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخِي جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَ: «مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا، وَلَا دِينَارًا، وَلَا عَبْدًا، وَلَا أَمَةً، وَلَا شَيْئًا إِلَّا بَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَسِلَاحَهُ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً»
ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন: আমাদেরকে বলেছেন ইবরাহিম ইব্নুল হারেস, [তিনি বলেন:] আমাদেরকে বলেছেন: ইয়াহইয়া ইব্ন আবু বুকাইর, [তিনি বলেন:] আমাদেরকে বলেছেন: যুহাইর ইব্ন মুয়াবিয়াহ আল-জু‘ফি, [তিনি বলেন:] আমাদেরকে বলেছেন: আবু ইসহাক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের শ্যালক উম্মুল মুমিনিন জুওয়াইরিয়াহ বিনতে হারেসের ভাই আমর ইব্নুল হারেস থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দিরহাম, দিনার, গোলাম, বাঁদি ও কোনো বস্তু রেখে যাননি, তবে তার সাদা খচ্চর, হাতিয়ার ও একটুকরো জমি, যা তিনি সদকা করে গেছেন’।
এ হাদিসে ইমাম ‘বুখারি’র উস্তাদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঁচজন রাবি আছেন। এ সনদের শুরু ইবরাহিম ইব্নুল হারিস এবং শেষ সাহাবি আমর ইব্নুল হারেস রাদিয়াল্লাহু ‘আনহু।
সনদের শুরুতে যদি ইনকিতা‘ হয়, অর্থাৎ গ্রন্থকার যদি স্বীয় উস্তাদকে বাদ দেন তাহলে মু‘আল্লাক।
সনদের শেষে যদি ইনকিতা‘ হয়, অর্থাৎ তাবে‘ঈ যদি সাহাবিকে বাদ দিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তাহলে মুরসাল। এ সনদে (عَمْرِو بْنِ الْحَارِثِ) আমর ইব্নুল হারেস রাদিয়াল্লাহু ‘আনহু উল্লেখ না থাকলে হাদিস মুরসাল হত।